৩০ বছরে ২.২ বিলিয়ন ইউয়ান ঘুষ: সাবেক শীর্ষ সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
প্রায় ৩০ বছর ধরে ২.২ বিলিয়ন ইউয়ান (প্রায় ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার) ঘুষ গ্রহণের অভিযোগে চীনের সাবেক এক শীর্ষ সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ঘুষের পাশাপাশি তহবিল তছরুপ, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা ইয়াং ইউলিন ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তদন্তে উঠে এসেছে, দায়িত্বে থাকা অবস্থায় তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান উপহার গ্রহণের বিনিময়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ারিং প্রকল্পের চুক্তি, জমি হস্তান্তর এবং অর্থায়নের সুযোগ নিশ্চিত করতেন।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৬৯ বছর বয়সী ইয়াংয়ের বিরুদ্ধে জব্দ করা অবৈধ সম্পদের পরিমাণ সাম্প্রতিক ইতিহাসে দেশটির অন্যতম বৃহৎ দুর্নীতির নজির হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে পরিচালিত দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াংকে গ্রেপ্তার করা হয়। এই অভিযান ইতোমধ্যে সামরিক বাহিনী, ব্যাংকিং খাত এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বহু উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার চাংঝৌ শহরের আদালত রায়ে উল্লেখ করেন, ইয়াংয়ের অপরাধ ছিল “অত্যন্ত গুরুতর” এবং তার কর্মকাণ্ড রাষ্ট্র ও সাধারণ মানুষের স্বার্থে অপূরণীয় ক্ষতি ডেকে এনেছে। আদালতের মতে, তার অপরাধের মাত্রা এতটাই ভয়াবহ যে সর্বোচ্চ শাস্তিই প্রযোজ্য।
চীনে সাধারণত হোয়াইট কলার অপরাধে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয় না। তবে দুর্নীতির পরিমাণ অত্যন্ত বড় হলে আদালত মৃত্যুদণ্ডের রায় দিতে পারে। এর আগে ২০২১ সালে সাবেক আর্থিক কর্মকর্তা লাই জিয়াওমিন ১.৮ বিলিয়ন ইউয়ান ঘুষ নেওয়ার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হন। একইভাবে ২০২৪ সালে ইনার মঙ্গোলিয়ার সাবেক কর্মকর্তা লি জিয়ানপিং প্রায় ৩ বিলিয়ন ইউয়ান ঘুষ ও তহবিল তছরুপের দায়ে মৃত্যুদণ্ড পান।
চীনের বিচারব্যবস্থায় অনেক ক্ষেত্রে মৃত্যুদণ্ড স্থগিত রেখে পরবর্তীতে তা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়। আবার তদন্তে সহযোগিতা বা অন্য অপরাধীদের শনাক্ত করতে সহায়তা করলে সাজা লাঘবের নজিরও রয়েছে।
ইয়াং ইউলিনও তদন্তে সহযোগিতা করেন এবং নিজের অপরাধ স্বীকার করে আদালতে গভীর অনুশোচনা প্রকাশ করেন। তবে আদালত স্পষ্টভাবে জানিয়েছে, তার অপরাধের ভয়াবহতা এতটাই বেশি যে এসব সহযোগিতা শাস্তি কমানোর জন্য যথেষ্ট নয়।