নরসিংদীতে বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে হত্যা: লুট হওয়া ২০ হাজার টাকার লোভে নৃশংসতা, গ্রেপ্তার ৫

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে হত্যা

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে হত্যা

নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে প্রায় ২৫ বছর ধরে বসবাসকারী বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। প্রাথমিক তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তার জমানো ২০ হাজার টাকা লুটের উদ্দেশ্যেই এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে স্টেশনের প্ল্যাটফর্ম ও টয়লেট পরিষ্কার করে এবং পথচারীদের দেওয়া সহায়তায় জীবিকা নির্বাহ করতেন ববি বেগম। সেই আয়ের একটি অংশ থেকে তিনি প্রায় ২০ হাজার টাকা সঞ্চয় করেছিলেন।

র‍্যাবের তথ্যমতে, গত ৪ জুলাই গভীর রাতে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। নির্মম মারধরের পর তার কাছে থাকা ২০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ৮ জুলাই রাতে তার মৃত্যু হয়।

ঘটনার তদন্তে র‍্যাব-১১ অভিযান চালিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে তিনজনকে নরসিংদী এবং বাকি দুজনকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকা থেকে আটক করা হয়। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের বিরুদ্ধে আগে থেকেই মাদকসংক্রান্ত মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নেশার অর্থ জোগাড়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

র‍্যাব আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে ভৈরবসহ দেশের বিভিন্ন রেল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।