নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা, ১৩ জুলাই: দেশের যেসব হাসপাতালে পোস্টমর্টেম করা হয়, সেখানে নারী মরদেহের ময়নাতদন্তের জন্য অন্তত একজন করে নারী ডোম (মর্গ সহকারী) নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন দায়ের করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, এর আগে দেশের পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে একজন করে নারী ডোম নিয়োগের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে প্রতিকার না পেয়ে জনস্বার্থে হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারী।
রিটে বলা হয়, বাংলাদেশে বিভিন্ন ধর্মের অনুসারীদের কাছে মৃত নারীর মরদেহের মর্যাদা, গোপনীয়তা ও ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ময়নাতদন্ত একটি আইনগত প্রক্রিয়া, তবুও নারী মরদেহের ক্ষেত্রে যথাসম্ভব নারী কর্মীর মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করলে ধর্মীয় অনুভূতি, ব্যক্তিগত মর্যাদা এবং পরিবারের মানসিক স্বস্তি নিশ্চিত করা সম্ভব হবে।
আবেদনে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো কারণে কোনো নারীর মৃত্যু হলে তার পরিবার এমনিতেই শোকাহত থাকে। সে অবস্থায় পরিবারের সদস্যরা যদি জানতে পারেন যে একজন পুরুষ ডোম পোস্টমর্টেম করবেন, তাহলে তাদের মানসিক কষ্ট আরও বাড়তে পারে। নারী ডোম নিয়োগ করা হলে এমন পরিস্থিতিতে পরিবার কিছুটা স্বস্তি অনুভব করবে বলে রিটে উল্লেখ করা হয়েছে।
রিটে দাবি করা হয়েছে, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় নারীরা প্রায় সব পেশায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাই ময়নাতদন্তের মতো সংবেদনশীল ক্ষেত্রেও নারী ডোম নিয়োগ সময়োপযোগী এবং বৈষম্য দূরীকরণে সহায়ক হবে।
আবেদনে মানবাধিকার ও মরদেহের মর্যাদা রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, মৃত্যুর পরও একজন মানুষের ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।
রিটে অতীতে দেশের কয়েকটি মর্গে নারী মরদেহের সঙ্গে অসদাচরণের অভিযোগের ঘটনাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ২০২৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে এক ডোমকে গ্রেপ্তারের ঘটনা এবং ২০২০ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অনুরূপ অভিযোগে আরেক ডোমকে গ্রেপ্তারের বিষয় তুলে ধরা হয়েছে।
এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলের একটি বহুল আলোচিত ঘটনারও উল্লেখ করে আবেদনকারী বলেন, মরদেহের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।
রিটে দেশের সব পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালে অন্তত একজন করে নারী ডোম নিয়োগ এবং নারী মরদেহের সম্ভ্রম ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।
এ বিষয়ে হাইকোর্টে শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে।