গরু জবাই নিষেধাজ্ঞায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, মাদ্রাজ হাইকোর্টের আদেশে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ

নয়াদিল্লি, ১৩ জুলাই: ভারতের তামিলনাড়ুতে গরু জবাইয়ের ওপর মাদ্রাজ হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার আদেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সর্বোচ্চ আদালত বলেছেন, হাইকোর্টের ওই নির্দেশের আইনি ভিত্তি ও বৈধতা পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্ট এ আদেশ দেন। এর ফলে আপাতত মাদ্রাজ হাইকোর্টের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে না।
এর আগে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ১৯৭৬ সালের একটি সরকারি আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়ে তামিলনাড়ুতে গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা দেন। ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে তামিলগা ভেত্রি কাজাগম (টিভিকে) দল। দলটির নেতৃত্বে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়।
আবেদনে টিভিকে যুক্তি দেয়, দেশের প্রচলিত আইন ও সংবিধিবদ্ধ বিধান অনুযায়ী নির্ধারিত শর্তসাপেক্ষে নির্দিষ্ট শ্রেণির গবাদিপশু জবাইয়ের অনুমতি রয়েছে। সে ক্ষেত্রে বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিচারিক নির্দেশ কার্যকর হতে পারে না।
সুপ্রিম কোর্ট প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের আদেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন এবং বিষয়টির বিস্তারিত আইনি পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ আদালতের এ সিদ্ধান্তকে তামিলনাড়ুর মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, ঈদুল আজহায় স্থানীয় আইন মেনে পশু কোরবানি দেওয়ার ধর্মীয় রীতি দীর্ঘদিন ধরে প্রচলিত। একই সঙ্গে তামিলনাড়ুর বিভিন্ন হিন্দু মন্দিরেও বার্ষিক উৎসব উপলক্ষে ধর্মীয় আচার অনুসারে পশু বলিদানের প্রথা রয়েছে।
তবে সুপ্রিম কোর্ট এখনো মামলার চূড়ান্ত নিষ্পত্তি করেননি। মামলার পূর্ণাঙ্গ শুনানি শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
সূত্র: এনডিটিভি